নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু
মো: ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ‘সুন্দরপুর-৪’ নামের একটি মূল্যায়ন-কাম-উন্নয়ন গ্যাস কূপের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, এই কূপ থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই খননকাজ পরিচালনা করছে।
আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের উপ-মহাব্যবস্থাপক (ড্রিলিং) ও ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান। তিনি জানান, গতকাল মঙ্গলবার দুপুর থেকেই আনুষ্ঠানিকভাবে এই কূপ খননের কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রকল্প এলাকা ঘুরে জানা যায়, নতুন এই কূপটি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত। একই ভূগর্ভস্থ রিজার্ভের অংশ হওয়ায় কোম্পানীগঞ্জের সিরাজপুরে ১, ২ ও ৩ নম্বর কূপের ধারাবাহিকতায় এর নামকরণ করা হয়েছে ‘সুন্দরপুর-৪’। ভৌগোলিকভাবে এটি সুন্দরপুর-২ কূপ থেকে প্রায় ১২-১৩ কিলোমিটার দূরে হলেও একই গ্যাস ফিল্ডের আওতাভুক্ত।
কূপটির কারিগরি বিষয় নিয়ে ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান বলেন, "কূপটির আনুমানিক গভীরতা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৬০০ মিটার। এর মধ্যে ১,৩৬১ মিটার গভীরে মূল গ্যাসের স্তর মিলতে পারে। আগামী দুই মাসের মধ্যে খননকাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) করতে আরও ১৫-২০ দিন সময় লাগবে। আশা করছি আড়াই মাসের মধ্যেই নিশ্চিত ফলাফল পাওয়া যাবে।"
তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত মজুত নিশ্চিত হওয়া যাবে। তবে আশপাশের কূপের সার্বিক ডেটা বিশ্লেষণ করে বাপেক্স আশাবাদী যে, এখান থেকে দৈনিক ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও প্রাথমিক অবকাঠামো তৈরির পর গত এপ্রিলে রিগ বসানোর কাজ সম্পন্ন হয়। সব প্রস্তুতি শেষে সফলভাবে খনন শুরু হওয়ায় এই কূপটি দেশের সার্বিক জ্বালানি সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এআইএল/সকালবেলা