সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ণ
সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫১ জনের মৃত্যু হলো। আজ শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ শীর্ষক বুলেটিনে এই তথ্য জানানো হয়।

মৃত শিশুরা হলো—ফেঞ্চুগঞ্জের সাবুল মিয়ার ছেলে আবিদ (১০ মাস), সিলেট সদরের শাহপরান থানার রফিকুল ইসলামের ছেলে আরাবি আহমদ (১৫ মাস), মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফারুক মিয়ার ছেলে নাফি ইসলাম (৫ মাস) এবং সুনামগঞ্জের দিরাইয়ের নিপেষ রায়ের ছেলে নিলয় রায় (৬ মাস)।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন রোগী। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১৪ জন করে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন; যার মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন এবং ওসমানী হাসপাতালে ৫৮ জন ভর্তি আছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।