কটিয়াদীতে লরি-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৪
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে লরি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব-কটিয়াদী আঞ্চলিক সড়কের কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দরিচরিয়া কোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী লরি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুটি সড়কের পাশে থাকা কয়েকজনকে ধাক্কা দেয়। এতে অন্তত চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে গুরুতর আহত মো. মজনু মিয়ার (৬০) দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি দরিচরিয়া কোনা এলাকার আশ্রয় আলীর ছেলে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আশু চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়। বাকি তিনজন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ভৈরব হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা
|