অপপ্রচারের প্রতিবাদে সাবেক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারী সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বগাদিয়া মদিনা মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শাহাবুদ্দিন অভিযোগ করেন, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্রে তাঁর পরিবারের একজন সদস্যকেও যুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
তিনি দাবি করেন, গত কয়েকদিন ধরে তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই। এই কাল্পনিক ও মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা জানান সাবেক এই জনপ্রতিনিধি।
মো. শাহাবুদ্দিন বলেন, "ইউপি সদস্য হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে এলাকা ও মানুষের সেবা করেছি। জীবনের এই প্রান্তে এসে অর্জিত সম্মান বিনষ্টের এমন অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক।"
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার প্রকৃত সত্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এআইএল/সকালবেলা
|