সড়কেই প্রাণ হারালেন নিরাপদে চলার আহ্বান জানানো সাবেক শিবির নেতা
নিজস্ব প্রতিবেদক: মাত্র এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সড়কে অতিরিক্ত গতি পরিহার এবং দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানিয়েছিলেন আবু হেনা রুবেল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারাতে হলো তাকে।
গতকাল শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবু হেনা রুবেল লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাম মহাজন বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা ছাত্রশিবিরের সাবেক সাথী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়ার স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র এক মাস আগে তাঁর দেওয়া সচেতনতামূলক ফেসবুক পোস্টের পর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
|