ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোকতার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রোজা রাখা অবস্থায় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়ে সিয়াম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের এমদাদুল হকের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম নিয়মিত রোজা রাখত। গত রবিবার বিকেলে সে তার বন্ধুদের সাথে স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার একপর্যায়ে হঠাৎ সে অসুস্থ বোধ করে এবং মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে উপস্থিত খেলার সাথী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র গরমে রোজা রাখা অবস্থায় শারীরিক পরিশ্রমের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।
এদিকে, সিয়ামের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে পুরো মসলন্দপুর গ্রামজুড়ে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, সিয়াম অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল এবং নিয়মিত ইবাদত করত। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ