মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙে দিল এলাকাবাসী
বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির ঘরবাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, স্থলকাশি গ্রামের বাসিন্দা সুরমান আলী, তাঁর স্ত্রী ও ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক কেনাবেচা করে আসছিলেন। এতে এলাকার যুবসমাজ চরম অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছিল। বারবার বারণ করা সত্ত্বেও সুরমান ও তাঁর পরিবার মাদক কারবার চালিয়ে যান।
শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসী তাঁদের চূড়ান্ত সতর্ক করতে সুরমানের বাড়িতে যান। সেখানে তাঁকে না পেয়ে একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী বাড়িঘর ভাঙচুর করে। পরে গ্রামবাসী সতর্ক বার্তা দেন যে, এরপরেও মাদক ব্যবসা বন্ধ না করলে তাঁদের সামাজিকভাবে একঘরে করে গ্রাম ছাড়া করা হবে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা