জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ
জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরের দীর্ঘ ১৯ বছরের পুরনো ও অভিশপ্ত জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিশাল মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা। 

আজ রবিবার (২৪ মে) সকালে পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকার নতুন বাইপাস মোড়ে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। দাবি আদায়ে একপর্যায়ে এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় ১৯ বছর ধরে পৌর শহরের দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর এবং বিসিক শিল্পনগরী এলাকার হাজার হাজার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে আসছেন। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এসব এলাকার প্রধান সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, কয়েকশ একর ফসলি জমি এবং অসংখ্য বসতবাড়ি লোনা ও নোংরা পানিতে তলিয়ে যায়। ফলে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এবং অনেক পরিবার বছরের অধিকাংশ সময় পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা শামীম আহাম্মেদ, ইসমাইল হোসেন ও ওমর ফারুকসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তাঁরা অনতিবিলম্বে কার্যকর ড্রেন নির্মাণ করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরে সকাল ১১টা ১০ মিনিটের দিকে চরম উত্তেজিত এলাকাবাসী জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মাইলের পর মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া এবং জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তাঁরা বিক্ষোভকারী সাধারণ জনগণের মুখোমুখি হয়ে সমস্যাটি দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দৃঢ় আশ্বাস দেন। কর্তৃপক্ষের এই লিখিত ও মৌখিক আশ্বাসের পর দুপুর সাড়ে ১২টার দিকে (প্রায় দেড় ঘণ্টা পর) স্থানীয়রা অবরোধ তুলে নিয়ে মহাসড়ক থেকে সরে যান এবং পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে চলমান এই কৃত্রিম জলাবদ্ধতা শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, বরং স্থানীয় কৃষি, শিক্ষা ও অর্থনীতির ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এবার যেন শুধু লোকদেখানো আশ্বাস না দিয়ে দ্রুত কার্যকর মেগা প্রকল্প গ্রহণ করা হয়, সেই দাবিই জানিয়েছেন ভুক্তভোগী জামালপুরবাসী।

এআইএল/সকালবেলা