ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের কেওয়াটখালী মোড়লবাড়িতে মরহুম আফজাল হোসেনের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেওয়াটখালী মধ্যপাড়ায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এই ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্পে দিনভর প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতা থাকা ১২ জন অসচ্ছল ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু। তিনি বলেন, "মানবতার সেবায় যুবদল সর্বদা কাজ করে যাচ্ছে। অবহেলিত, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম আফজাল হোসেনের বড় ছেলে মো. সাখাওয়াত হোসেন ফরহাদ। তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, "আমার পিতা যখন অসুস্থ ছিলেন, তখন একটি অ্যাম্বুলেন্স পেতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল। সেই কষ্ট থেকে শিক্ষা নিয়ে গত ১০ বছর ধরে আমি এলাকায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছি। এ পর্যন্ত প্রায় ৬০০ জন এই ফ্রি অ্যাম্বুলেন্স সুবিধা পেয়েছেন।" তিনি ভবিষ্যতে এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলম আকন্দ, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মেদ অলি, ২০ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক দিন মোহাম্মদ দিনু, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাব্বি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে এই ক্যাম্পটি সম্পন্ন হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ