ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: দেশের আইপি টিভি ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে তথ্য মন্ত্রণালয় নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালিত হয়েছে। তবে বর্তমান সরকার সব কিছু নিয়মের ওপর ভিত্তি করে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করে বলেন, কেবল একটি মোবাইল ফোন সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাদের অবশ্যই সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং স্বাধীন সংবাদমাধ্যমকে গণতন্ত্র বিকাশের অপরিহার্য অংশ মনে করে।
প্রেসক্লাব পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি কর্মকর্তাদের জনসেবায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার মান যাচাই করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ