রংপুরে বুড়িমারী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
রংপুরে বুড়িমারী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের মুখে ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে স্টেশন ও বাবুপাড়া রেলগেটের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কের সৃষ্টি হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় আধা ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনটি রংপুর স্টেশনের তিন নম্বর লাইনে প্রবেশের সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় স্টেশনের এক নম্বর লাইনে কুড়িগ্রাম এক্সপ্রেস এবং একটি শাটল ট্রেন দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে উদ্ধার তৎপরতা চালিয়ে প্রধান লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন জানান, "বর্তমানে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শুধু তিন নম্বর লাইনে সামান্য সমস্যা হয়েছে। খবর পেয়ে রিলিফ ট্রেন রওনা হয়েছে, সেটি পৌঁছালে লাইনটি পুরোপুরি সচল করা সম্ভব হবে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি।"

রেললাইনের জরাজীর্ণ অবস্থা নিয়ে স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "অভিযোগটি সঠিক নয়। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই এই ট্র্যাক দিয়ে একটি ট্রেন ও ইঞ্জিন নিরাপদে পার হয়েছে। তবে কী কারণে লাইনচ্যুত হয়েছে তা কারিগরি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রেললাইনের সার্বিক রক্ষণাবেক্ষণ ও সংস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রংপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন লাইন ও অবকাঠামোর যথাযথ সংস্কার করা হচ্ছে না। পাশাপাশি স্টেশন এলাকায় পরিচ্ছন্নতার চরম অভাব রয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত রেললাইন পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন