জগন্নাথপুরে নৌকা ডুবে চারজন নিখোঁজ
মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে একটি ডিঙ্গি নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন।
গত শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী হাওর অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজ শনিবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) এবং সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মইয়ার হাওরের বালুচর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও ওই চারজন পানির স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন এবং জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা প্রত্যক্ষভাবে তদারকি করছেন।
এআইএল/সকালবেলা
|