বরেন্দ্র প্রেসক্লাব সভাপতিকে হত্যাচেষ্টা: আসামি সুরুজ কারাগারে
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি এবং প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিমকে (৩৭) ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২ নম্বর আসামি সুরুজ আলীকে (৩০) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ ২৭ জুলাই ২০২৬ (সোমবার) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ (এমএম-৫) আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক মোঃ আশিকুর রহমান আসামি সুরুজ আলীর আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার অপর আসামিদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর আগে বোয়ালিয়া মডেল থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে বরেন্দ্র প্রেস ক্লাবে হামলা ও চাঁদা দাবির মামলায় (মামলা নং-০৬, তারিখ: ০৮/০৩/২০২৬) আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৭ মার্চ ২০২৬ তারিখ রাতে নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল কাঁচাবাজারস্থ বরেন্দ্র প্রেস ক্লাবে আসামিরা পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করে চার লাখ টাকা চাঁদা দাবি করে। ক্লাবের সভাপতি রেজাউল করিম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১ নম্বর আসামি নূরে ইসলাম মিলন (৪৫) তাঁর মাথায় পিস্তল ঠেকায়।
একপর্যায়ে বাকবিতণ্ডার সময় ২ নম্বর আসামি সুরুজ আলী ধারালো চাকু দিয়ে সভাপতি রেজাউল করিমের পেটে আঘাত করার চেষ্টা চালান। প্রাণ বাঁচাতে বাধা দিলে রেজাউল করিমের কোমরের নিচে উপর্যুপরি কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে তাঁর শরীরে ১৩টি সেলাই পড়ে। এ ঘটনায় বরেন্দ্র প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কারাগারে প্রেরিত আসামি সুরুজ আলী নগরীর তেরখাদিয়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় মূলত একজন ওয়েল্ডিং মিস্ত্রি। প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও সম্প্রতি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন তিনি। তদন্তে আরও জানা গেছে, তিনি আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
বোয়ালিয়া মডেল থানার দাখিলকৃত অভিযোগপত্রের ভিত্তিতে আজ আসামিরা আদালতে উপস্থিত হলে মূল হামলাকারী সুরুজ আলীকে জামিন না দিয়ে সরাসরি জেলে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ বিচারক।
এআইএল/সকালবেলা