রাশিয়ার যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ
রাশিয়ার যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক
জাহাঙ্গীর হোসাইন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. জাহাঙ্গীর হোসাইন (২৫) নামের এক বাংলাদেশি যুবক। তিনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করছিলেন। গত বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরের বন্ধু মৃদুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তার মৃত্যুর খবর জানান। মৃদুলও রাশিয়ার একই সেনাক্যাম্পে কর্মরত, যার বাড়ি টাঙ্গাইলে।

জাহাঙ্গীরের পরিবারের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে জাহাঙ্গীরকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। তিনি করিমগঞ্জের জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের বাসিন্দা। ১৮ মে রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় চার বাংলাদেশির মধ্যে তিনজন নিহত এবং একজন আহত হন। নিহত অন্য দুজন হলেন মাদারীপুরের মো. সুরুজ কাজী ও কুমিল্লার মো. ইউসুফ খান। মৃদুল পরে নিশ্চিত হয়ে জাহাঙ্গীরের পরিবারকে বিষয়টি জানান। ভিডিও বার্তায় মৃদুল অভিযোগ করেন, ‘আরাফা আল মনোয়ার এজেন্সি’র প্রতারণার কারণেই তারা তিন বন্ধুকে হারিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জাহাঙ্গীরের ফুফাতো ভাই মো. রমজান বলেন, প্রায় সাড়ে তিন মাস আগে একটি কোম্পানিতে চাকরির কথা বলে জাহাঙ্গীরকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে প্রথমে একটি পিগ ফার্মে কাজ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে রেস্টুরেন্টে চাকরির আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে জাহাঙ্গীরসহ সাত বাংলাদেশিকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেয় সংশ্লিষ্ট এজেন্সি। প্রায় দুই মাস প্রশিক্ষণের পর যুদ্ধে পাঠানোর সপ্তাহখানেকের মধ্যেই ড্রোন হামলায় নিহত হন জাহাঙ্গীরসহ তিনজন।

তিন ভাইবোনের মধ্যে জাহাঙ্গীর ছিলেন সবার বড়। দুই বছর আগে তার বাবা মারা যান। তিনি বিবাহিত এবং তার দুই বছর বয়সী একটি ছেলেসন্তান আছে। জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির ঘটনাটি শুনে গভীর সমবেদনা জানিয়েছেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘আমি জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে তিনি মারা গেছেন।’ এর আগে গত ২ মে ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় করিমগঞ্জের মাঝিরকোনা গ্রামের মো. রিয়াদ রশিদ (২৮) নামের আরেক যুবক নিহত হয়েছিলেন।