কবিরহাটে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
মোঃ ইয়াছিন রুবেল (নোয়াখালী): নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় যশোর সেনানিবাসে কর্মরত এক সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক মো. আমিনুল হক (৩০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্যের নাম সৈকত, তিনি স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর সেনানিবাসে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি মাছবাহী পিকআপ ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও যাত্রী গুরুতর আহত হন। উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক চালক আমিনুল হককে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, ঘাতক পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা