সোনারগাঁওয়ে ট্রাক চাপায় অটোরিকশাচালক নিহত
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণহারা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাহা আলম (৪০) নামে এক অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা চার যাত্রী আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের সোনাখালী স্ট্যান্ড এলাকায় ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহা আলম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী বাবরুকপুর গ্রামের ভাড়াটিয়া এবং ভোলার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি অটোরিকশা চালানোর পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় ও পথচারী সূত্রে জানা যায়, সকালে মাহা আলম যাত্রী নিয়ে সোনাখালী স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মাহা আলম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অটোরিকশার ভেতর থেকে গুরুতর আহত চার যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন—ভাগলপুর এলাকার নুর ইসলামের ছেলে শহীদ, সোনাখালীর ইঙ্গু মিয়ার ছেলে আলিনুর, মনসুর আলীর ছেলে সুরুজ মিয়া এবং মৃত রশিদ আলীর ছেলে টিকা খাঁন।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ, সোনারগাঁও থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শেষ করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি জব্দ করেছে।
এআইএল/সকালবেলা