চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই দশক পর বন্দরনগরী চট্টগ্রামে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত একটি লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নগরীর র‍্যাডিসন ব্লু হোটেলে যান। আজ রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে মোট ছয়টি নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আজ সকাল সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। বিএনপি নেতাদের দাবি, এই সমাবেশে অন্তত ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে এবং এটি স্মরণকালের বৃহত্তম সমাবেশে পরিণত হবে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে এবং পুরো শহর ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বড় পর্দা (LED স্ক্রিন) স্থাপন করা হয়েছে যাতে সবাই তার বক্তব্য শুনতে পারেন।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের মে মাসে চট্টগ্রামে এসেছিলেন। প্রায় ২১ বছর পর এবং চলতি বছরের ৯ জানুয়ারি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। জনসভা মঞ্চে তিনি ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ফেনীতে দীর্ঘ ২০ বছর পর তার আগমনকে কেন্দ্র করে সেখানকার নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

মন্তব্য করুন