ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ফেনীর নির্বাচনী লড়াইয়ে এখন ২৬ জন প্রার্থী চূড়ান্তভাবে মাঠে রইলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনীর তিনটি আসনের মধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের তালিকায় রয়েছেন— ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া): মুন্সি রফিকুল আলম (বিএনপি-ধানের শীষ), এস এম কামাল উদ্দিন (জামায়াত-দাঁড়িপাল্লা), মোতাহের হোসেন চৌধুরী (জাতীয় পার্টি-লাঙল), কাজী গোলাম কিবরিয়া (ইসলামী আন্দোলন-হাতপাখা), আনোয়ার উল্ল্যাহ ভূঞা (খেলাফত আন্দোলন-বটগাছ), ফিরোজ উদ্দিন চৌধুরী (বাংলাদেশ কংগ্রেস-ডাব) ও মাহবুব মোর্শেদ মজুমদার (মুসলিম লীগ-হারিকেন)।
ফেনী-২ (ফেনী সদর): অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি (বিএনপি-ধানের শীষ), মো. মজিবুর রহমান মঞ্জু (এবি পার্টি-ঈগল), মোহাম্মদ একরামুল হক ভূঞা (ইসলামী আন্দোলন-হাতপাখা), সামসুদ্দিন মজুমদার (জেএসডি-তারা), জসিম উদ্দিন (বাসদ-কাঁচি), হারুনুর রশিদ ভূঞা (খেলাফত মজলিস-রিকশা), তাহিরুল ইসলাম (ইনসানিয়াত বিপ্লব-আপেল), মোহাম্মদ আবুল হোসেন (খেলাফত আন্দোলন-বটগাছ), মো. তারেকুল ইসলাম ভূঞা (গণঅধিকার পরিষদ-ট্রাক), সাইফুল করিম মজুমদার (আমজনতা দল-প্রজাপতি) ও স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল (ঘোড়া)।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী): আব্দুল আউয়াল মিন্টু (বিএনপি-ধানের শীষ), মোহাম্মদ ফখরুদ্দিন (জামায়াত-দাঁড়িপাল্লা), অ্যাডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী (খেলাফত আন্দোলন-বটগাছ), মো. আবু সুফিয়ান (জাতীয় পার্টি-লাঙল), মো. সাইফ উদ্দিন (ইসলামী আন্দোলন-হাতপাখা), মো. আবু নাছের (ইসলামী ফ্রন্ট-চেয়ার), আবদুল মালেক (বাসদ-মই) ও হাসান আহমেদ (ইনসানিয়াত বিপ্লব-আপেল)।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফেনীর তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ১৬ হাজার ৩০৫ জন। এর মধ্যে ৬ লাখ ৭৮ হাজার ৩৭৪ জন পুরুষ এবং ৬ লাখ ৩৭ হাজার ৯২৪ জন নারী ভোটার। প্রবাসী ভোটারের সংখ্যা ৩০ হাজার ১৫১ জন। মোট ৪২৮টি ভোটকেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ