ফেনীতে দ্বিতীয় দিনেও মজিবুর রহমান মঞ্জুর গণসংযোগ: চাইলেন ‘হ্যাঁ’ ভোট

ফেনীতে দ্বিতীয় দিনেও মজিবুর রহমান মঞ্জুর গণসংযোগ: চাইলেন ‘হ্যাঁ’ ভোট

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ (সদর) আসনে দ্বিতীয় দিনের মতো ব্যাপক প্রচারণা চালিয়েছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য ও এবি পার্টি মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ভূঁইয়ার বাজারে তিনি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ‘ঈগল’ মার্কার পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে মজিবুর রহমান মঞ্জু ভোটারদের উদ্দেশ্যে বলেন, “একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।” এসময় তিনি সংসদ নির্বাচনের পাশাপাশি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠন করেন এবং আগামী রাষ্ট্র কেমন হবে, তার একটি রূপরেখা জনগণের সামনে তুলে ধরেন।

নির্বাচনী প্রচারণার আগে তিনি ফাজিলপুর ইউনিয়নের কৃতি সন্তান ও রানা মটরস-এর ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন রানার জানাজায় অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রচারণাকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল কাইয়ুম সোহাগসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফেনী-২ আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী লিয়াকত আলী ভূঁইয়াকে প্রত্যাহার করে ঐক্যবদ্ধভাবে মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়েছে। ফলে এই আসনে ঈগল প্রতীকের পক্ষে জামায়াত ও এবি পার্টির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন