বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার প্রয়াণে স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার প্রয়াণে স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বগুড়ার শেরপুরে স্মরণ সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় শেরপুর পৌরসভার সান্যাল পাড়া এলাকায় সার্বজনীন কালীমন্দির কমিটি ও উত্তরণ সংস্কৃত কলেজের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে এবং উত্তরণ সংস্কৃত কলেজের সহ-সভাপতি সাংবাদিক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম মো. সিরাজ।

স্মরণ সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করে প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তিনি গণতন্ত্র রক্ষায় কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার অকৃত্রিম দেশপ্রেম ও ন্যায়পরায়ণতা তাকে এ দেশের মানুষের হৃদয়ে সম্মানের স্থানে অধিষ্ঠিত করেছে। বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ওপর অনেক জুলুম-নির্যাতন চালানো হলেও তিনি দেশ ও দেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি। নিজের জীবনের মায়া তুচ্ছ করে তিনি আমৃত্যু এ দেশের মানুষের সেবা ও অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী এবং সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস। এছাড়া আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরণ সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিরঞ্জন রায়, পরিচালক বিমান মৈত্রেয়, টাউন বারোয়ারী পূজা কমিটির সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ মোহন্ত ও সহ-সভাপতি শ্যামল বসাক প্রমুখ। সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন