ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এই সফর ও পথসভাকে কেন্দ্র করে উল্লাপাড়ায় বইছে উৎসবের আমেজ। ইতোমধ্যে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে সভার জন্য বিশাল মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
জামায়াত আমিরের এই পথসভাকে সফল করতে গত কয়েকদিন ধরেই স্থানীয় নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন। উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।
আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে উল্লাপাড়ায় এখন উৎসবমুখর পরিবেশ। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই পথসভা আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক জনসভায় পরিণত হবে।"
স্থানীয় নেতাকর্মীরা জানান, তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে পুরো উপজেলাজুড়ে প্রচার চালানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা ও উল্লাপাড়া উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা নিয়মিত সভাস্থল পরিদর্শন করছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ