মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুরে নবনির্মিত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করা হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বাস্তবায়নে মেহেরপুরসহ দেশের ১১টি জেলায় মোট ৭৯৯ কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও কারিগরি) ও যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। উদ্বোধনী কর্মসূচির মধ্যে ছিল—ফলক উন্মোচন, বেলুন উড্ডয়ন ও বৃক্ষরোপণ। একই সঙ্গে ‘স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং মতবিনিময় সভার উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে মেহেরপুরের তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীরা আধুনিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ পাবেন। এটি স্থানীয় পর্যায়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে এবং তরুণ সমাজকে বৈশ্বিক বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের আওতায় মেহেরপুর অঞ্চলের শিক্ষার্থীরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন