শ্রীপুরে শীতের আমেজে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত

শ্রীপুরে শীতের আমেজে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শীতের আমেজ আর গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল শিরিন আওলাদ মডেল স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ের উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী এই ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়। শীতের সকালে হরেক রকমের পিঠার ঘ্রাণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার বেলা ১১টায় পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল। এসময় বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বেগম শামসুন্নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল স্টল সাজিয়ে বসেছে শিক্ষার্থীরা। এসব স্টলে ভাপা পিঠা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধচিতই, নকশি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই এসব পিঠা তৈরি করে স্টলে উপস্থাপন করে, যা তাদের মধ্যে সৃজনশীলতা ও দলগত কাজের অভিজ্ঞতা তৈরি করে। অনেক অভিভাবকও সন্তানের তৈরি পিঠার স্বাদ নিতে উৎসবে অংশ নেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মূলত শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতেই এই বিশেষ আয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি দেশীয় সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তোলে। যান্ত্রিক জীবনের ভিড়ে আমাদের ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।”

পিঠা উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলা এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের মতে, এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার লোকজ সংস্কৃতি আরও জীবন্ত হয়ে উঠবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন