বিশাল জনসভা দিয়ে জয়পুরহাট-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

বিশাল জনসভা দিয়ে জয়পুরহাট-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে ধানের শীষের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভার মধ্য দিয়ে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব মো. আব্দুল বারী বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। জয়পুরহাটের মানুষ দীর্ঘকাল তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার তারা ব্যালটের মাধ্যমে সেই অধিকার প্রতিষ্ঠা করবে।” তিনি নির্বাচিত হলে কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর অঞ্চলের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আজীবন পাশে থাকার অঙ্গীকার করেন।

মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির ও যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার। বক্তারা দাবি করেন, মাত্রাইয়ের এই জনসমুদ্রই প্রমাণ করে জয়পুরহাট-২ আসনে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন বিশাল লোকসমাগম বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। সভায় ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন