ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. রাব্বিউল হাসান রানা, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গ্রামে গ্রামে টানা পথসভা ও গণসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী। বুধবার (২৮ জানুয়ারি) দিনভর তিনি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
পথসভাগুলোতে মো. আব্দুল বারী বলেন, "দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে বিএনপি রাজপথে লড়াই করছে। আমরা ক্ষমতায় এলে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে এবং তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে।"
তিনি আরও বলেন, কালাই উপজেলার কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিএনপি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করবে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হবে।
এ সময় তার সাথে কালাই উপজেলা ও উদয়পুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিটি পথসভাতেই স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর প্রার্থীর সরাসরি উপস্থিতিতে গ্রামে গ্রামে নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, ধারাবাহিক এই গণসংযোগের মাধ্যমে উদয়পুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া মিলছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ