ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বপন তালুকদার (৩৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল পৌনে ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উপজেলার মুন্সিকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপন তালুকদার ওই গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ পূর্বে স্বপন তালুকদারের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি ও বিবাদ হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্বপন নিজের শয়নকক্ষে চলে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বপনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। ভাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বপন তালুকদারের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন