নড়াইলে জামায়াত নেতাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইলে জামায়াত নেতাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইলে জামায়াত নেতাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে তর্কের জের ধরে ওই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।


রোববার (২৫ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার বিছালী তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তারা।

ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জানান, রোববার রাতে ভোট চাওয়াকে কেন্দ্র করে ওই এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও সংগঠন দুটির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি রাতেই মীমাংসা হয়। 

এরপর কে বা কারা ইসলামী আন্দোলনের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল, মাইক, হাতপাখা প্রতীকসহ সবকিছু পুড়ে যায়। সকালে এসে ভেতরে আগুনে পোড়া ও ভাঙচুরের চিহ্ন দেখতে পান তারা।

ঘটনার পর সকালে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সেক্রেটারি এস এম নাসির উদ্দিনসহ সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় এস এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের শুরু থেকেই এ কার্যালয় থেকে প্রার্থীর নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছিল। রোববার রাতে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পরই আমাদের অফিসে আগুন দেওয়া হয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তির দাবি জানাই।

বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা বলেন, বাগ্‌বিতণ্ডা হলেও তা মীমাংসা হয় এবং সবাই সন্তুষ্ট হয়ে চলে যান। এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তিনি দাবি করেন।

নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন