নাসিরনগরে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নাসিরনগরে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই বিপ্লবে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউসার আহমেদকে (৩৭) গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নাসিরনগর থানার পেছনের ঘোষ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাউসার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, কাউসার আহমেদ দীর্ঘদিন ধরে নিজের এলাকা ছেড়ে নাসিরনগর সদরের হাজী মোঃ আলীর বাসায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি ওই বাসার ভেতর ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে প্রশাসনের গতিবিধি নজরদারি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারি রাত ৩টার দিকে নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল ওই বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কাউসার পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে সেনারা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

অভিযানকালে আসামির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি সিসিটিভি ক্যামেরা এবং ক্যামেরার হার্ডডিস্ক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাসিরনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন