রাজনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে সুভাষ রবিদাস (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ইলাশপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি শ্মশানঘাটসংলগ্ন গাছ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুভাষ রবিদাস ওই গ্রামের নারায়ণ রবিদাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় সুভাষ বাড়ির উত্তর পাশে শ্মশানঘাটের একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেন। বিকেল ৪টার দিকে তাঁর বাবা ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও এসআই প্রদ্যুৎ রায় ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, সুভাষ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই মানসিক অস্থিরতার জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজনগর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন