পিরোজপুরে বিএনপির সাবেক আহ্বায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুরে বিএনপির সাবেক আহ্বায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, পিরোজপুর: পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির ও তাঁর ভাতিজা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।

আহত মহিউদ্দিন মল্লিক নাছির সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলা বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে তারা একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দু’জনের শরীরে গভীর জখম রয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো (রেফার) হয়েছে।

পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সকালবেলা

মন্তব্য করুন