ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
একুশের প্রথম প্রহরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয়, সরকারি হরগঙ্গা কলেজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা পরিষদ ও মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও জেলা ফায়ার সার্ভিস, সরকারি মহিলা কলেজ, উপজেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পুরো শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে শোকের আবহ ও শ্রদ্ধার নিস্তব্ধতা বিরাজ করছিল। দিনটি উপলক্ষে জেলাজুড়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ