রংপুরে জামায়াত আমিরের জনসভা আগামীকাল, নগরীতে বর্ণাঢ্য স্বাগত মিছিল

রংপুরে জামায়াত আমিরের জনসভা আগামীকাল, নগরীতে বর্ণাঢ্য স্বাগত মিছিল

আবু রায়হান, রংপুর ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের রংপুর আগমন উপলক্ষে নগরীতে এক বিশাল ও বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে স্বাগত মিছিলটি শুরু হয়। এরপর এটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, ওয়ালটন মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে পৌঁছায়। মিছিলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর সদর-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমির এটিএম আযম খান এবং রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ রায়হান সিরাজীসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতারা নেতৃত্ব দেন। মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ এবং আমিরের আগমনকে ঘিরে বিভিন্ন স্লোগান দেন।

স্বাগত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান বক্তা হিসেবে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এবার প্রিয় প্রতীক দাঁড়িয়ে পাল্লা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা বিশ্বাস করি, আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।” তিনি আরও জানান, নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। জনসভায় তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানাবেন।

মহানগর আমির এটিএম আযম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, রংপুরের মাটি ও মানুষ ইসলামের পক্ষে সবসময় সোচ্চার। আগামীকালের জনসভা সফল করতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা দলে দলে যোগদান করবেন। জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে নগরীতে ব্যাপক তোরণ ও ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ রংপুরের সর্বস্তরের জনগণকে আগামীকালের জনসভায় ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন