আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী মহানগর বিজেপির শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী মহানগর বিজেপির শ্রদ্ধা নিবেদন

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাজশাহী মহানগর শাখা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নবনির্মিত রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন দলটির নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক সরদার জুয়েল এবং সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ। এছাড়াও রাজশাহী মহানগর যুব সংহতির সভাপতি মোঃ জীবন, সহ-সভাপতি মোঃ সোহাগ, ছাত্র সমাজের আহ্বায়ক মো. পারভেজ রানা এবং সদস্য সচিব মিজানুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে রাজশাহী মহানগর বিজেপির আহ্বায়ক মোহাম্মদ সরদার জুয়েল বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার শ্রেষ্ঠ সন্তানরা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই আন্দোলন ছিল বাঙালি জাতির চেতনার একটি মাইলফলক। এটি কেবল ভাষার লড়াই ছিল না, বরং স্বাধিকার ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে আজও আমাদের পথ দেখায়। তিনি সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মহানগর সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করেছে। তাঁদের এই অবদান বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তিনি নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সঠিক ইতিহাস জাগ্রত রাখার আহ্বান জানান। মহানগর ছাত্র সমাজের সদস্য সচিব মিজানুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির জাতীয় পরিচয়কে সুসংহত করেছে এবং এটি আজও সকল অন্যায়ের বিরুদ্ধে প্রেরণা জোগায়। পরিশেষে রফিক, শফিক, জব্বার, বরকত ও সালামসহ সকল শহীদের প্রতি গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন