ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দিবসটি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে জামায়াত আমির ১৯৫২ সালের ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, "বাংলা ভাষার মর্যাদা রক্ষায় তৎকালীন ছাত্র ও যুবসমাজের আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আল্লাহ যেন তাঁদের শাহাদাত কবুল করেন।" তিনি উল্লেখ করেন, ২১ ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, যা আমাদের ভাষার জন্য দেওয়া বৈশ্বিক সম্মানের প্রতীক।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, "দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করছে, যখন বিএনপির নেতৃত্বে দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পরাজিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এই চক্রান্ত মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
বিরোধীদলীয় এই নেতা আশা প্রকাশ করেন যে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধান সরকারের প্রধান দায়িত্ব বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
বিবৃতিতে তিনি জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীকে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের মাধ্যমে দিবসটি পালনের অনুরোধ জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ