ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: ছাত্রদল নেতাসহ নিহত ২

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: ছাত্রদল নেতাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পবহাটি কলার হাটের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পৌর ছাত্রদলের এক নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক টোটন বিশ্বাস ও আরাপপুর এলাকার শাহিনুর রহমানের ছেলে শাহরিয়ার শান্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আরাপপুর এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে শহরের বাস টার্মিনাল এলাকার দিকে যাচ্ছিলেন শান্ত ও তার বন্ধু টোটন। মোটরসাইকেলটি পবহাটি কলার হাটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহরিয়ার শান্তর মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় টোটন বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে শনিবার ভোর ৪টার দিকে টোটন বিশ্বাসের মৃত্যু হয়।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন