ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাখাওয়াত হোসেন, শ্রীপুর প্রতিনিধি: শিল্পাঞ্চল হিসেবে খ্যাত গাজীপুর-৩ আসনের সাধারণ মানুষের কাছে আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ‘মাদক’। ভয়াবহ মাদকের থাবায় তরুণ সমাজ ও শ্রমজীবী মানুষ বিপন্ন হওয়ার প্রেক্ষাপটে, এবার ভোটাররা এমন একজন সংসদ সদস্য চান যিনি মাদকের বিরুদ্ধে আপসহীন ও দৃশ্যমান পদক্ষেপ নেবেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে এই আসনে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন নেশাজাত দ্রব্য অতিমাত্রায় সহজলভ্য হয়ে পড়েছে। এর ফলে শুধু তরুণ প্রজন্মই ধ্বংস হচ্ছে না, বরং পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ছিনতাই ও পারিবারিক সহিংসতা। মাদক ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেট ও তাদের রাজনৈতিক ছত্রছায়া সমস্যাটিকে আরও প্রকট করে তুলেছে বলে সাধারণ মানুষের ধারণা।
ভোটারদের দাবি, নির্বাচিত সংসদ সদস্যকে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; তাকে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে মাদকের গডফাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক কারবারিদের রাজনৈতিক আশ্রয় বন্ধ করা এবং এলাকাভিত্তিক বিশেষ অভিযান জোরদার করা এখন সময়ের দাবি।
শ্রীপুরসহ এই আসনের বিভিন্ন এলাকার ভোটাররা মনে করেন, মাদক নির্মূলে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থানের বিকল্প নেই। তারা এমন এক জনপ্রতিনিধি প্রত্যাশা করছেন, যিনি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোকে সাথে নিয়ে একটি টেকসই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলবেন।
গাজীপুর-৩ আসনের সাধারণ মানুষের স্পষ্ট বার্তা—তারা আর ফাঁকা বুলিতে বিশ্বাসী নন। তারা চান এমন এক নেতৃত্ব, যিনি মাদকমুক্ত গাজীপুর গড়ার অঙ্গীকার বাস্তবে রূপদান করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ সমাজ নিশ্চিত করবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ