২৪-এর গণঅভ্যুত্থানকে স্মরণ করে স্থানীয় সরকার মন্ত্রীর আবেগঘন পোস্ট

২৪-এর গণঅভ্যুত্থানকে স্মরণ করে স্থানীয় সরকার মন্ত্রীর আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী বিদ্যুৎ ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ২১ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গত বছরের একটি পুরনো পোস্ট শেয়ার করে তিনি এই বিশেষ বার্তা প্রদান করেন।

শেয়ার করা ওই পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ‘গত বছরে লিখেছিলাম। আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে সরকার গঠন হয়েছে। শ্রদ্ধা জানাই ২৪-কে আবারও।’ মূলত ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং এর মাধ্যমে অর্জিত রাজনৈতিক পরিবর্তনকে ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল তার শেয়ার করা পুরনো পোস্টটিতে ২০১৮ সালের একটি ঘটনার স্মৃতিচারণ করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তাদেরকে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছিল এবং অনুমতি দেওয়া হয়নি। সেই সময়কার পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের গণতন্ত্রের জন্য লড়াই এখনও চলছে। আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি—১৯৫২, ১৯৭১, ১৯৯০, ২০২৪।’

পুরনো ওই স্মৃতিচারণমূলক পোস্টে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে, খুব শীঘ্রই দেশে একটি নির্বাচিত সরকার গঠিত হবে, যা হবে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের প্রকৃত সরকার। বর্তমান প্রেক্ষাপটে সেই আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় তিনি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রীর এই ফেসবুক পোস্টটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন