টর্চ লাইটের ঝলকানিতে বাঁচল চালকের প্রাণ: ঘোড়াঘাটে ছিনতাইকারী গ্রেপ্তার

টর্চ লাইটের ঝলকানিতে বাঁচল চালকের প্রাণ: ঘোড়াঘাটে ছিনতাইকারী গ্রেপ্তার

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: টর্চ লাইটের এক ঝলকানিই বাঁচিয়ে দিল এক অটোরিকশা চালকের প্রাণ। ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির টর্চের আলো দেখে ভয় পেয়ে যায় ছিনতাইকারীরা। চালক ও স্থানীয়দের সাহসিকতায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬)। তিনি উপজেলার কুন্দারামপুর এলাকার বাসিন্দা এবং তাঁর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যাত্রী সেজে উপজেলার ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে তিন ছিনতাইকারী একটি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে রামেশ্বরপুরের নির্জন স্থানে পৌঁছালে তারা চালককে জিম্মি করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। তাদের মধ্যে একজন অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাকি দুজন ছিনতাইকারী চালককে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে গিয়ে গলায় ও পেটে ছুরি ধরে রাখে। একপর্যায়ে চালকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে তিনি ছুরিকাঘাতে আহত হন। ঠিক সেই মুহূর্তে পাশের ধানক্ষেতে সেচ দিতে আসা এক ব্যক্তি টর্চ লাইট জ্বালিয়ে এগিয়ে এলে আলোর ঝলকানিতে ছিনতাইকারীরা আতঙ্কিত হয়ে পড়ে। এই সুযোগে আহত চালক সাহসিকতার সাথে একজনকে জাপ্টে ধরেন এবং চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মোস্তফাকে আটক করে পুলিশে খবর দেয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশি তৎপরতা শুরু হলে ছিনতাইকারীরা সেটি ফেলে রেখে পালিয়ে যায়, যা পরবর্তীতে উদ্ধার করা হয়েছে।

আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত। এ ঘটনায় চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে রোববার আদালতে পাঠানো হবে এবং পলাতক অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এস.আই/সকালবেলা

মন্তব্য করুন