শ্রীমঙ্গলে লোকনাথ ব্রহ্মচারীর ২২তম পাদুকা উৎসব সম্পন্ন

শ্রীমঙ্গলে লোকনাথ ব্রহ্মচারীর ২২তম পাদুকা উৎসব সম্পন্ন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২২তম বাৎসরিক পাদুকা উৎসব। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম আশিদ্রোনে স্বর্গীয় মাস্টার পবিত্র কুমার দেবের বাড়িতে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

পান্না দেব ও লোকনাথ সেবা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিভিন্ন এলাকা থেকে কয়েকশ ভক্ত ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী সমবেত হন। উৎসবের সূচনায় ছিল প্রাতঃকালীন পূজা, তুলসী ও পুষ্পাঞ্জলি অর্পণ এবং বাল্যভোগ নিবেদন। শ্রী সত্যনারায়ণ সম্প্রদায়ের অংশগ্রহণে ও কীর্তনশিল্পী সুমন ভট্টাচার্য্যের লীলাকীর্তনে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

দুপুরে আগত কয়েকশ ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও সন্ধ্যারতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজক পান্না দেব জানান, "মাত্র ১০০ টাকা দিয়ে ২২ বছর আগে এই উৎসব শুরু হয়েছিল, যা আজ সবার সহযোগিতায় বৃহৎ রূপ পেয়েছে।" ভক্তরা জানান, এই পাদুকা উৎসব স্থানীয় সনাতন সম্প্রদায়ের কাছে এক গুরুত্বপূর্ণ মিলনমেলা ও আধ্যাত্মিক অধ্যায়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন