ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বরিশাল ব্যুরো: রাজনৈতিক মামলায় দীর্ঘ ৯ মাস কারাভোগের পর জামিন পেয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্য দুজন হলেন—বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। আদালত সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিচারক তাদের জামিনের আদেশ দেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা এবং বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর মধ্যে সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসভবন থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। প্রায় ৯ মাস ধরে তিনি কারান্তরীণ ছিলেন। অন্যদিকে, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে ২০২৫ সালের ২০ মে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। তার বিরুদ্ধেও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগসহ একাধিক সহিংসতার মামলা রয়েছে।
এছাড়া বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে ২০২৫ সালের ১৮ জুন রাতে নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কারাবাসের পর চলতি বছরের ২২ জানুয়ারি তিনি একবার জামিন পেলেও কারাগারের ফটক থেকে অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জসিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও সহিংসতার একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট আদালতের জিআরও হুমায়ুন কবির জানান, আইনি তথ্য-প্রমাণ ও শুনানির প্রেক্ষিতে আদালত জেবুন্নেছা আফরোজসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। বর্তমানে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ