ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, কাজীপুর (সিরাজগঞ্জ): পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুরে নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষের সহায়তায় উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, প্রতি সপ্তাহের মঙ্গলবার এই সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন মোট ৪০০টি পরিবার এই সুবিধা পাবে। কার্যক্রমটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২০০টি পরিবার এবং মেঘাই ঘাট এলাকা দুপুর ১টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ২০০টি পরিবার এই সুবিধা পাবে।
রমজান উপলক্ষে সাজানো ৫৯০ টাকার বিশেষ প্যাকেজে থাকছে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা বা বুট এবং ১ কেজি খেজুর। এছাড়া দুপুর ১২টার পর থেকে উপজেলা পরিষদ মাঠে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উন্মুক্ত ট্রাক সেল কার্যক্রমও শুরু হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ও উপজেলা প্রশাসনের এই বিশেষ প্যাকেজ পেয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, রমজান মাসজুড়ে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং তদারকি জোরদার করার মাধ্যমে প্রকৃত সুবিধাবোগীদের কাছে পণ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করা হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ