বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের কোনো স্থান নেই এবং দেশকে কখনোই দিল্লির দাস হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার (২৯ নভেম্বর) সারা দেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, ১৪০০ মানুষকে হত্যা করে তিনি জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দিল্লির তাবেদারির কারণেই তারা তাঁকে মদদ দিচ্ছে। আইনের রক্ষক হয়েও তিনি ভক্ষকের ভূমিকা পালন করেছেন এবং দিল্লি থেকে পাঠানো অর্থে দেশে নাশকতা ও বোমাবাজির ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি।
রিজভী উল্লেখ করেন, পদ্মা সেতুর ওপারের শরীয়তপুরের জাজিরা ও গোপালগঞ্জের কয়েকটি এলাকায় সৃষ্ট অরাজকতা যাতে রক্তাক্ত পরিস্থিতিতে রূপ না নেয়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরাও সংশ্লিষ্টদের বোঝানোর চেষ্টা করছেন। তবে এই শান্তিপূর্ণ অবস্থানকে শেখ হাসিনা দুর্বলতা ভাবছেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ছাড়া তিনি কোন আইনগত ভিত্তিতে দেশে ফিরবেন? পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আবু সাঈদ ও মুগ্ধসহ অসংখ্য মানুষ হত্যার বিচারের মুখোমুখি হতে হবে। ২০১৩ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় আদালতের দণ্ড কার্যকরের লক্ষ্যে তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান রিজভী।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এবং গুলিবিদ্ধ মুগ্ধকে পানি চাওয়ার পরও পুলিশ হত্যা করেছে। এ ছাড়া ওয়াসিম আকরাম ও রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীসহ ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণ হত্যার বিচার দেশের আদালতেই হবে।
বিগত সরকারের আমলে অর্থ পাচারের অভিযোগ তুলে রিজভী বলেন, দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। শেখ হাসিনার স্বজন, মন্ত্রী ও নেতাকর্মীরা জনগণের অর্থ লুটপাট করে কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই, অটোয়া ও সিডনিসহ বিশ্বের বিভিন্ন শহরে ফ্ল্যাট ও সম্পদ গড়ে তুলেছেন।
যুবদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত দিনে যারা র্যাব-পুলিশ ও সশস্ত্র ক্যাডারদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাঁরা জাজিরা বা গোপালগঞ্জের বিচ্ছিন্ন ঘটনায় ভীত হয়ে পিছু হটবেন না। দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতাকর্মীরা প্রয়োজনে আত্মত্যাগ করবেন, তবু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পতাকা সমুন্নত রাখবেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এআইএল/সকালবেলা