নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকায় নিজের ছেলের সঙ্গে সব ধরনের পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বাবা ইদ্রিস মৃধা। আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে গত ২৬ নভেম্বর জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করে এ ঘোষণা দেন ইদ্রিস মৃধা।
জানা গেছে, ত্যাজ্য হওয়া রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বরগুনা পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার মেজ ছেলে।
এফিডেভিটে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, মেজ ছেলে রাহাতকে অনেক কষ্টে লালন-পালন করে বড় করলেও বর্তমানে সে কারও কথা না শুনে নিজের খেয়ালখুশিমতো চলাফেরা করছে। রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে বারবার নিষেধ করা সত্ত্বেও সে তা অমান্য করেছে। বরং ভালো পথে চলার পরামর্শ দিলে রাহাত বাবার ওপর ক্ষিপ্ত হতো।
এফিডেভিটে আরও বলা হয়, রাহাত সমাজের প্রচলিত আচার-আচরণ ও নিয়মনীতি মানছে না। তাই ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব সম্পর্ক ছিন্ন করা হলো। এখন থেকে কেউ রাহাতের সঙ্গে বাবা-ছেলের সম্পর্ক দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
এ বিষয়ে ইদ্রিস মৃধা জানান, বারবার নিষেধ করার পরও ছেলে তাঁর কথা শোনেনি। তিনি বলেন, তাঁরা সাধারণ ও গরিব মানুষ, তাঁদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। নিজের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের কথা ভেবেই তিনি ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে এ বিষয়ে রাহাত মৃধা বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা তাঁর আদর্শ। পরিবার থেকে ত্যাজ্য বা বিচ্ছিন্ন করা হলেও তাঁর কোনো আপত্তি নেই; তিনি এই রাজনীতির সঙ্গেই জীবন কাটাতে চান।
এআইএল/সকালবেলা