কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন ও ফয়সাল প্রিন্সসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সারাদেশে রাজনৈতিক কর্মীদের হয়রানি করা হচ্ছে এবং দ্রব্যমূল্যের বৃদ্ধিতে সাধারণ জনগণ দিশেহারা। তাঁরা অনতিবিলম্বে এসব নির্যাতন বন্ধ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও বাজারমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

সমাবেশ শেষে নেতাদের একটি প্রতিনিধিদল কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন