তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: রাজপথের আন্দোলন-সংগ্রাম ও দীর্ঘ ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জামালপুরের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম। এবার তাকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিশেষ করে মন্ত্রীসভায় দেখতে জোরালো দাবি তুলেছেন সর্বস্তরের মানুষ।
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে শামীম তালুকদার দুই শতাধিক মামলার আসামি হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন। শত প্রতিকূলতা সত্ত্বেও তিনি মাঠের রাজনীতিতে সম্মুখসারির নেতা হিসেবে অবিচল ছিলেন। নেতাকর্মীরা তাকে "দুঃসময়ের সাহসী সৈনিক" হিসেবে অভিহিত করে জাতীয় নেতৃত্বে তার পদায়ন প্রত্যাশা করছেন।
সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুস সালাম তালুকদারের ভাতিজা শামীম তালুকদার ছাত্ররাজনীতি থেকেই নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি সরিষাবাড়ী পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে টানা তিনবার জামালপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে জেলায় তৃণমূল সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে।
মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, শামীম তালুকদার মন্ত্রী হলে এলাকার উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। চরাঞ্চল ও অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে তার মতো পরীক্ষিত নেতার রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়া এখন সময়ের দাবি।
এ.আই.এল/সকালবেলা