ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তারেক রহমানের বরিশাল সফর নিয়ে ফের অনিশ্চয়তা, জনসভা স্থগিত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের দিনক্ষণ নির্ধারণ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। একের পর এক সময় পরিবর্তনের পর আপাতত স্থগিত করা হয়েছে তার নির্বাচনী জনসভার কর্মসূচি।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার বরিশালে আসার কথা থাকলেও শনিবার বিকেলে সেই তারিখও পেছানো হয়েছে। কবে তিনি বরিশাল সফরে আসবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরসূচি নির্ধারিত হয়েছিল।
তারেক রহমানের সফরসূচি এখনো নির্ধারিত হয়নি বলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুরুতে ২৬ জানুয়ারি বরিশালে তারেক রহমানের আগমনের কথা ছিল। পরে তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু সফরের দুদিন আগে সেই কর্মসূচিও বাতিল করা হয়েছে।’
বিলকিস আক্তার বলেন, ‘তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর কথা ছিল। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করার একটি পরিকল্পনাও ছিল।’
তিনি আরও বলেন, ‘পুরো শিডিউল সমন্বয়ের জটিলতার কারণেই সফর পেছাতে হয়েছে। তবে বরিশাল সফর বাতিল হয়নি। কবে তিনি আসবেন, সে বিষয়ে পরে কেন্দ্র থেকে জানানো হবে।’
প্রসঙ্গত, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সেই সময় তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দীর্ঘ সময় পর এবার বিএনপি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরের কথা ছিল তার।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ