নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

ইসমাঈল আযহার
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকাল সোয়া ৪টায় তিনি সমাবেশস্থলে পৌঁছান। এর আগে বিকাল ৩টায় সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। দেড় যুগ পর দেশে ফিরে মে দিবসের এই সমাবেশে তারেক রহমানের সরাসরি অংশগ্রহণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পূর্বনির্ধারিত সময় দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার শিল্প-কারখানার হাজার হাজার শ্রমিক নয়াপল্টনে সমবেত হতে থাকেন। ব্যানার-ফেস্টুন হাতে শ্রমিকের অধিকার আদায়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনস্রোত নয়াপল্টন ছাড়িয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর অবস্থান ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন