নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন তারেক রহমান: নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন তারেক রহমান: নাসীরুদ্দীন পাটওয়ারী

তারেক রহমানের বস্তিবাসী সংক্রান্ত প্রতিশ্রুতির সমালোচনা নাসীরুদ্দীনের

রাজধানীর কড়াইল বস্তিতে বড় ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ওই প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব অভিযোগ করেন। তিনি বলেন, “তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নযোগ্য নয়।” এটিকে তিনি সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করেন। এ সময় নির্বাচন কমিশনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রশাসন ও বিএনপি যোগসাজশে কাজ করছে কি না—সেই সন্দেহ তৈরি হচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন প্রতিশ্রুতিরও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন আগের বিতর্কিত কমিশনগুলোর পথেই হাঁটছে। এ ছাড়া গণমাধ্যম দখল করে বিএনপির পক্ষে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাঁর দলের সঙ্গে বৈষম্য করেছে বলেও তিনি দাবি করেন।

নিজের নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। তাঁর নির্বাচনী এজেন্ডায় ওসমান হাদির বিচার দাবি প্রধান্য পাবে। একই সঙ্গে চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন। তাঁর পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর আগামীকাল থেকে প্রার্থীরা প্রচারণায় নামবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন