ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের
ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা যে লক্ষ্য নিয়ে আন্দোলন করেছিলাম, সেই লক্ষ্য অনেকাংশেই ব্যর্থ হয়েছে। গণভোটে “হ্যাঁ” বিজয়ী করে আমরা সেই আন্দোলনকে বিজয়ের উল্লাসে রূপান্তর করব।’
বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, তা কারা পাবেন? যাদের প্রয়োজন তারা পাবেন কি? নাকি ২ হাজার টাকার কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে?’
তিনি বলেন, একদিকে কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা ক্ষমতায় গেলে আবার লুটপাটে জড়াবে। জনগণের টাকা মেরে খাবে—এমন ব্যক্তিদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।
বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে উচ্ছেদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না। তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও সম্ভব। অতীতে যারা ফ্ল্যাট দেওয়ার কথা বলেছে, তারা নির্বাচনের পর উচ্ছেদে নেমেছে। বস্তিবাসীরা এখন এসব মিথ্যা আশ্বাস বুঝতে পারে। তারা ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে।
এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন সুষ্ঠু হতে হবে। অন্য কোনো পরিকল্পনা কাজে আসবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকতে হবে এবং কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। আমরা নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা মাঠে আছি। কোনো অন্যায় সহ্য করা হবে না।
ইনসাফের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, এটি একটি গণভোটও। আমরা সবাই গণভোটে “হ্যাঁ” দেব। বৈষম্য, চাঁদাবাজি, অন্যায়, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে “না” বলব।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ