ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাতীয় তিন নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু
জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রথমে দোয়েল চত্বর এলাকায় শেরেবাংলা একে ফজলুল হকসহ তিন নেতার কবরে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবরে যান তারা।
সেখানে কবর জিয়ারত ও মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করেন দলটির শীর্ষ নেতারা।
কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সারা দেশের মানুষের প্রতি আমাদের আহ্বান—আপনারা ১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন, ১০ দলীয় ঐক্য জোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টির সারা দেশে থাকা ৩০ জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান।
তিনি দাবি করেন, সংসদে জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় ঐক্য জোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে এবং সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান এবং শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি এই নির্বাচনি প্রচারণার অন্যতম এজেন্ডা বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটসহ সব এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। আমরা অবশ্যই এই হত্যার সুষ্ঠু বিচার বাংলার মাটিতেই আদায় করে ছাড়বো।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
পরে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু করেন তারা। সেখানে নেতারা বক্তব্য রাখবেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ